মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি জেলা স্কাউটস’র কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা স্কাউট’র সভাপতি মোহাম্মদ মানজারুল মান্নান’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হারুন আর রশিদ, স্কাউটস’র সাবেক সম্পাদক মোস্তফা কামাল, সম্পাদক ইলিয়াস আজম আশরাফী, জেলা রোবার স্কাউটস সম্পাদক নুরুল আবছারসহ অন্যন্যা স্কাউটস সদস্য ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রোবার স্কাউটস সদস্য পম্পি বড়–য়া।
আলোচনা সভায় জেলা স্কাউটস ভবনের দোকান ঘর ভাড়া, স্কাউটস ভবনের মাঠ সংরক্ষণ, বার্ষিক ফি ও বিশ্ব স্কাউটস ফি আদায়, প্রথম আঞ্চলিক কমডেকায় দল প্রেরণ, বিদ্যুৎ ক্যাম্প বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা থেকে জানানো হয় প্রথম আঞ্চলিক কমডেকায় রাঙামাটি থেকে ৮টি দল অংশগ্রহন করবে। তার মধ্যে সদর উপজেলা থেকে ৩টি, কাপ্তাই থেকে ১টি, নানিয়ারচর থেকে ২টি, লংগদুর থেকে ১টি, কাউখালি থেকে ১টি। এছাড়া আগামী বিদ্যুৎ ক্যাম্প রাঙামাটি জেলার ১০টি উপজেলায় আয়োজন করা হবে বলেও সভা থেকে জানানো হয়।
সভার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, সেবা মূলক কাজ করার অঙ্গিকার নিয়ে স্কাউটস করতে হবে। স্কাউটস হচ্ছে শিক্ষার্থীদের চরিত্র গঠনের একটি উত্তম স্থান। এখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা গ্রহন করে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে। তাই তাদের জন্য এই স্থানটি করে দেওয়া সকলের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
