খেলাধুলা : চট্টগ্রামে আজ বিপিএলে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপর ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে খেলবে ঢাকা ডায়নামাইটস। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-রাজশাহী ও পৌনে ৬টায় কুমিল্লা-চিটাগং ম্যাচটি শুরু হবে।
এইদিকে রাজশাহীর অবস্থান ভালো না। সুবিধাজনক অবস্থানে তারকাসমৃদ্ধ সাকিব আল হাসানের দল। অপরদিকে টানা পাঁচ ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। টুর্নামেন্টে টিকে থাকতে জয় ভিন্ন কিছুই ভাবছেন না মাশরাফি বিন মর্তুজা। তামিম ইকবালদের অবস্থান ছয় ম্যাচে জয় মাত্র দু’টিতে।
গত ১৯ নভেম্বরের ম্যাচে রাজশাহীকে ৩২ রানে হারিয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলে কুমিল্লা শিবির। বর্তমানে বিপিএলে শীর্ষে রয়েছে মাহমুদউল্লার খুলনা টাইটান্স। সাত দলের পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা। সমান ম্যাচে চার পয়েন্টে পাঁচে চিটাগং। দুই পয়েন্টে তলানিতে কুমিল্লা। সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় পাঁচ নম্বরে এক ম্যাচ কম খেলা রাজশাহী।
