সিটিনিউজবিডি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সবাই অঙ্গীকার করেছে, দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা সবাইকে মেনে চলতে হবে।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা, স্থানীয় সংসদ সদস্য ও দলীয় প্রার্থীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি নির্বাচনে আসায় চ্যালেঞ্জ মনে করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চ্যালেঞ্জ জেনেই আমরা নির্বাচনে প্রার্থী দিয়েছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সেটাই এখানে আলোচনা হয়েছে এবং সবাই একমত হয়েছে। এখানে দ্বিমতের সুযোগ নেই।
আইভী-শামীম সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভালো ছিল না। আওয়ামী লীগ একটা বিশাল পরিবার। ভাইয়ে-ভাইয়েও ঝগড়া থাকে। এখানে মৌলিক বিষয় নির্বাচন, এখানে ভেদাভেদের সুযোগ নেই।
