জুবায়ের সিদ্দিকী : গুলি, আগুনে পুড়িয়ে ও জবাই করে রোহিঙ্গাদের হত্যা এবং রোহিঙ্গা নারীদের ধর্ষণ করছে মিয়ানমারের সীমান্তবর্তী পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনী এমন অভিযোগ করেছেন ওপার থেকে বাংলাদেশে পালিয়ে আসা অনুপ্রবেশকারীরা।
যারা আসছে তাদের অনেকেই নির্যাতিত, ধর্ষিত বা আহত। সেনাবাহিনী ঘরে ঘরে আগুন দিচ্ছে। পুরুষদের জবাই করে মারছে। নারীদের গণ ধর্ষণ করছে। এ বর্বরতা ও মানুষ নামের পশু- জানোয়ারদের থেকে বাঁচতে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাচ্ছে।
ইতিমধ্যে অনেকে নানাভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
তারা বলছেন, মানুষকে গণহারে হত্যার উৎসবে মেতেছে সে দেশের সেনাবাহিনী ও বর্ডার গার্ডের পুলিশ।
এদিকে, প্রতিবেশী দেশে নারকীয় এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কড়া প্রতিবাদ ও বাংলাদেশের উদ্বেগের কথা মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।
