সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
আইভী বলেন, আমি গত নির্বাচনেও বলেছি এখনও বলছি; জনগণই আমরা সেনাবাহিনী। সিটি নির্বাচনে সেনাবাহিনীর কোনও প্রয়োজন নেই।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়ছার হাসনাত, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি প্রমুখ।
আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর। বাছাই ২৬-২৭ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর।
