সিটিনিউজবিডিঃ আজ চূড়ান্ত এই প্রত্যাশা নিয়েই মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নামছে টাইগাররা। মিরপুর আবারও সারাদেশের কেন্দ্রবিন্দু। আজ আরেকটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় বাংলাদেশ। এই মাঠেই তো আগের দুটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল মাশরাফি বাহিনী। আজ আরও একটি নতুন দিনে, নতুন ইতিহাসের হাতছানি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। নাসির বললেন, ‘আমরা এটাকেও আরেকটা ম্যাচ হিসেবেই খেলতে চাই। জিততে চাই। হোয়াইটওয়াশ বা বাংলাওয়াশ নিয়ে খুব একটা চিন্তা করছি না। তবে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।’ নাসিরের শেষ বাক্যটাই তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের প্রতীকী দৃশ্য। ছাড় না দিলেই জয় সম্ভব। আর জয় এলেই তো ধবলধোলাই …!
নাসিরের দশ মিনিট আগে সংবাদ সম্মেলনে কথা বলে গেলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্র অশ্বিন। তাকে হোয়াইটওয়াশের কথা বলতেই বোধহয় কিছুটা বিব্রত হলেন। বললেন, ‘কিসের হোয়াইটওয়াশ!’ প্রশ্নকর্তা এবার বললেন, ‘৩-০-তে সিরিজ হারা। এখানে এটাকে বাংলাওয়াশও বলে।’ অশ্বিনের উত্তরটা হলো – ‘ও হ্যাঁ, এটা, ভালো কথা। বাংলাওয়াশ! আমরা বাংলাওয়াশ এড়ানোর চেষ্টা করব।’
অশ্বিনের কথাতেই পরিষ্কার, শুধু ‘বাংলাওয়াশ’ এড়ানোর জন্যই নয়, এই একটা ম্যাচ জেতার জন্য কতটা মরিয়া ভারত। যদি প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয়টাতেও হারতে হয়, তাহলে যে এ যাত্রায় বাংলাদেশ থেকে শূন্য হাতেই ফিরতে হবে ক্রিকেট মোড়ল ভারতকে! ফতুল্লার একমাত্র টেস্টটা ড্র হলো। তিন ওয়ানডের দুটিতেই পরাজিত। বাংলাজয়ের জন্য মরিয়া তো ভারত হবেই!
