খেলাধুলা : বিপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। অবশেষে এই একটি ম্যাচ ঘিরে দর্শক-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। কারণ এই ম্যাচেই এবারের বিপিএলে প্রথম মাঠে নামছেন ক্রিস গেইল। চিটাগাং ভাইকিংসের হয়ে তিনি মাঠে নামছেন রংপুর রাইডার্সের বিপক্ষে।
বিপিএলের ৩০তম ম্যাচে এসে আবারো মুখোমুখি হলো চিটাগং ও রংপুর। টুর্নামেন্টের প্রথম দেখায় (৯ নভেম্বর) ৯ উইকেটে হারের লজ্জায় ডুবেছিল চিটাগং। ওই ম্যাচটিতে ১২৫ রানের সহজ লক্ষ্যটা পাঁচ ওভার হাতে রেখেই টপকে যায় রংপুর।
এবারের আসরে প্রথমবারের মতো খেলছেন গেইল। চিটাগংয়ের জার্সিতে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন ক্যারিবীয় ‘ব্যাটিং দারব’। অন্যদিকে, ছুটি কাটিয়ে ফিরেছেন আফ্রিদি। নিজের নামে স্টেডিয়ামে উদ্বোধন করতে দেশে ফিরে যাওয়ায় রংপুরের সবশেষ ম্যাচে ছিলেন না পাকিস্তান আইকন।
আফ্রিদির অভাবটা ভালোই টের পেয়েছে নাঈম-সৌম্যর রংপুর। দু’দিন আগেই রাজশাহী কিংসের কাছে তারা ১২ রানে হেরে যায়। ঢাকা দ্বিতীয় পর্বে চিটাগংয়ের এটিই প্রথম ম্যাচ। গেইলকে পেয়ে তামিমের দল এখন আরো শক্তিশালী। গত ২২ নভেম্বর চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে ৭৮ রানের দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।
চিটাগং একাদশ: ক্রিস গেইল, তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মোহাম্মদ নবী, জহুরুল ইসলাম, সাকলাইন সজিব, শুভাশিষ রায়, জাকির হাসান, ইমরান খান, তাসকিন আহমেদ।
রংপুর একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, নাঈম ইসলাম (অধিনায়ক), শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, সোহাগ গাজী, আনোয়ার আলী, আরাফাত সানি, রুবেল হোসেন, মুক্তার আলী।
