সিটিনিউজবিডি : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১১) ‘রাঙ্গা প্রভাত’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকরে হাঙ্গেরিতে পৌঁছেছে । রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিশ্ব পানি সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন হাঙ্গেরিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
বুদাপেস্টের ফোর সিজনস হোটেল গ্রেসহ্যাম প্যালেসে অবস্থান করবেন তিনি। আগামী ৩০ নভেম্বর রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে রোববার সকালে ঢাকা থেকে হাঙ্গেরির উদ্দেশে ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। এর মেরামত শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ওই বিমানটি হাঙ্গেরির উদ্দেশে ফের যাত্রা করে।
