অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ছয়টি নৌকাবোঝাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টেকনাফের নাফ নদের চারটি পয়েন্ট দিয়ে মোট ছয়টি রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠানো হয়েছে। এ সময় বিজিবির টহলদল তাদের প্রতিহত করলে তারা মিয়ানমারের দিকে ফিরে যায়।
অন্যদিকে, কক্সবাজারের উখিয়া ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে এদের ফেরত পাঠানো হয়। এ সময় রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তায় তিন বাংলাদেশি দালালকেও আটক করে বিজিবি।
এ ব্যাপারে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, নাইক্ষ্যংছড়ির বাঁকখালী নদী, উখিয়া ও ঘুমধুমের বিভিন্ন উঁচু টিলা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এদের ফেরত পাঠাচ্ছে বিজিবি।
