সুজিত দত্ত, পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় এবার মৌসুমের শুরুতেই শীতের সবজিতে বাজার সয়লাব হলেও দাম কিন্তু চড়া। এতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, সোয়া এক কেজি বেগুন এবং দুই কেজি মূলা দিয়ে এক কেজি লইট্যা মাছ সহ বিভিন্ন ছোট মাছ মিলছে। এতে শীতের সবজির আকাশ ছোঁয়া দামের কারণে ক্রেতারা ইচ্ছা থাকা সত্বেও মাছ কেনার দিকেই ঝুকছে। পটিয়া কৃষি অফিস জানায়, এবার পটিয়ায় ৭১০ হেক্টর জমিতে ১৩,৯০৯ টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
জানা যায়, পটিয়ার পাহাড় বেষ্টিত ইউনিয়ন কেলিশহর, খরনা, হাইদগাঁও, ভাটিখাইন, কচুয়াই ও বড় উঠান এলাকা সবজি চাষের জন্য বিখ্যাত। এখানে কৃষকরা প্রতি বছর বেগুন, মূলা, টমেটো, মিষ্টি কুমড়া, বরবটি, লাউ, ঝিঙ্গা, চিচিংগা, ফুলকপি ও বাধাকপি এবং শালগম, ধনেপাতা সহ বিভিন্ন জাতের শাক যেমন মূলা শাক, লাল শাক, কপ্পি শাক উৎপাদন করে।
পটিয়ার কেলিশহরের সবজি চাষী মো: নুরুল ইসলাম বলেন, প্রতি বছর তিনি ৩/৪ একর জমিতে বেগুন, মূলা, শসা, ঝিঙ্গা ও চিচিংগা চাষ করে থাকেন। এ বছরও তিনি এ চাষ করেছেন। শীতের আগেই তার জমিতে ফলন দেখা দেওয়ায় তিনি আশাবাদী যে, এ বছরও তিনি অন্যান্য বছরের তুলনায় ভালো মুনাফা অর্জন করবেন। কারণ বর্তমানে বাজারে সবজির যতেষ্ট দাম রয়েছে। বর্তমানে বাজারে বেগুন ৬০ টাকা, মূলা ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা এবং যেকোন শাক ২০/৩০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। খরনার সবজি চাষী মফিজুল ইসলাম জানান, অনাবৃষ্টির কারণে সময় মত সবজি চাষ করতে না পারায় ক্রেতাদের চাহিদানুযায়ী বাজারে সবজির সরবরাহ করতে পারছি না। গত কার্ত্ত্বিক মাসে যে সবজি চাষ করা হয় তা হঠাৎ বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। এতে নিধারুনভাবে চাষীরা লোকসানের সম্মুখীন হয়। বর্তমানে যে সবজি পাওয়া যাচ্ছে তা দ্বিতীয় বার চাষের পর নতুন কিছ সবজি বাজারে আসায় তা চড়ামূল্যে বিক্রি হচ্ছে। আর কয়দিন পরেই সবজির দাম কমে যাবে।
বাজারের ক্রেতা নারগিছ আকতার বলেন, সোয়া এক কেজি বেগুনে এক কেজি লইট্যা মাছ মিলছে। তাই শীতের সবজি সুস্বাধু হওয়া সত্বেও দাম নাগালের বাইরে থাকায় আমি লইট্যা মাছ ক্রয় করেছি। আমার মত অনেকেই এ পথ ধরছেন। পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঘু নাথ নাহা বলেন, পটিয়ার মাটি সবজি চাষের জন্য খুবই উপযোগী। এখানে কৃষকরা স্বাভাবিক ভাবেই চাষাবাদ করে লক্ষ্য অর্জন করতে পারে। তাই আমাদের বিশ^াস এবারও কৃষি বিভাগের লক্ষ্য অনুযায়ী পটিয়া থেকে উৎপাদিত সবজি এখানের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা সম্ভব হবে।
