ঢাকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী জানুয়ারি মাসে প্রতি শনিবার উপজেলা পর্যায়ে সকল মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানান।
আজ (১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনেই হোক আমাদের আজকের দিনের অঙ্গিকার। তিনি বিজয়ের মাসের প্রথম দিনে মহান মুক্তিযুদ্ধের সময়কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করা উপলক্ষে আয়োজিত এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের চেয়ারম্যান ও নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম, মেজর (অব.) ওয়াকার হাসান, ইসমত কাদির গামা, কবির আহমদ খান, নজরুল ইসলাম বাচ্চু, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।
