গণতান্ত্রিক ব্যবস্থার ওপর খালেদা জিয়ার আস্থা নেই – ওমর ফারুক

0

সিটিনিউজবিডি :  অগণতান্ত্রিক ও অরাজনৈতিক ব্যবস্থার ওপর বেগম খালেদা জিয়ার আস্থা আছে। কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর তার আস্থা নেই। খালেদা জিয়ার আনলাকি থার্টিন (১৩) প্রস্তাব অগণতান্ত্রিক বলেছেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ।

আজ রবিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৭৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ মণি লেখাপড়া করার সময় থেকেই সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৬০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আন্দোলন, সংগ্রাম, মিথ্যা মামলায় গ্রেফতার ছিল, জেল জুলুম নিত্য নৈমিত্তিক ব্যাপার। ছাত্ররাজনীতি, যুব রাজনীতি, শ্রমিক রাজনীতি সুসংগঠিত করেছেন। তিনি একজন আদর্শ নিষ্ঠাবান রাজনীতিবিদ সংগঠক, সুবক্তা, সুলেখক।

তিনি সম্পাদকীয় ছাড়াও স্বনামে-বেনামে, উপ-সম্পাদকীয় ও প্রবন্ধ লিখতেন। তার নিজ সম্পাদনায় বাংলার বাণী, বাংলাদেশ টাইমস, সিনেমা পত্রিকা প্রকাশ করেন। দৈনিক ইত্তেফাক ও দি পিপলস পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন। স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর চারজন সেক্টর কমান্ডারের একজন ছিলেন। তিনি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ে গঠিত পুর্বাঞ্চাল সেক্টরের দায়িত্বে ছিলেন।

৭১ সালে তাঁর নেতৃত্বে বিএলএফ পার্বত্য চট্টগ্রামে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে ১৬ ডিসেম্বর রাঙ্গামাটিতে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। যুবক, শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে শেখ মণি দলের অন্যতম সম্পাদক নিযুক্ত হন।

ওমর ফারুক চৌধুরী বলেন, সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এদেশে তরুণদের সাফল্যের ক্ষেত্র অনেক বেশি, তবে সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে পরিশ্রম করতে হবে। কাজের প্রতি একনিষ্ঠ হতে হবে। প্রয়োজন সদিচ্ছা, আত্মবিশ্বাস, একনিষ্ঠতা। যার যে বিষয় আগ্রহ তার সে বিষয়ই কাজ করতে হবে। তবে লক্ষ্য ও উদ্দেশ্য অবশ্যই নির্দিষ্ট করতে হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার আনলাকি থার্টিন (১৩) প্রস্তাব অগণতান্ত্রিক, খালেদা জিয়ার আরেক নাম বিগ লায়ার। অগণতান্ত্রিক ও অরাজনৈতিক ব্যবস্থার ওপর বেগম খালেদা জিয়ার আস্থা আছে। কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর তার আস্তা নেই। তারপরও তিনি গণতন্ত্র গণতন্ত্র বলে সব সময় চিৎকার করেন। বেগম জিয়ার ফর্মুলা মেনে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন করতে গেলে দেশের রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টির আশঙ্কাই বেশি। তার ১৩ দফার আড়ালে ‘৭১-এর যুদ্ধাপরাধী এবং অনিবন্ধিত রাজনৈতিক দল জামায়াতকে কিভাবে পেছনের দরজা দিয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দেওয়া যায় সেই চেষ্টাই বিশেষভাবে করেছেন।

আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, সুব্রত পাল, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.