সুজিত দত্ত, পটিয়া : ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে রাসূল (স.) মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। যুগে যুগে অনেক নবী পৃথিবীতে এসেছে। কিন্তু হযরত মুহাম্মদ (স.) এর মত শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আর আসেনি। আল্লাহর প্রদত্ত বাণীকে তিনি মানবের কাছে পৌঁছে দিয়ে অন্ধাকার যুগকে আলোর পথে এনে পৃথিবীকে আলোকিত করেছেন। রবিউল আউয়াল মাস মু’মিন মুসলমানদের জন্য উৎসবের মাস। এই মাসে নবীর পৃথিবীতে আগমন ও পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সেই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে আমাদেরকে ঈমান আক্বিদা আরো মজবুত করতে হবে। এদেশে কিছু কিছু মানুষ আছে যারা কওমী আক্বিদার লোকজনের ব্যাপারে বলে থাকেন তারা নবী মানেন না। এ জঘন্যতম মিথ্যাচারের বিচার দুনিয়াতে না হলেও আখিরাতে কঠোরভাবে তাদের বিচার হবে। এ মিথ্যাচারের জন্য আল্লাহ তাদের জিহ্বা কেটে ফেলবেন।
গতকাল সোমবার সালসাবিল এর ব্যবস্থাপনায় চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শানে রেসালত সম্মেলনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলানা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটিয়া আল জামেয়া ইসলামীয়া মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা মুফতি শাহ আবদুল হালিম বোখারী, অন্যান্যদের মধ্যে তক্বরির করেন ঢাকা বড় কাটারা মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আবুল খায়ের বিক্রমপুরী, পটিয়া আল জামেয়া ইসলামীয়া মুহাদ্দিস ও মুফাচ্ছির আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ্, পটিয়া জিরি আল জামেয়া আল আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ক্বারী নুরুল্লাহ, পটিয়া আল জামেয়া আল ইসলামীয়ার সিনিয়র শিক্ষক আল্লামা কাজী আখতার হোসাইন, মৌলানা আনোয়ার হোসেন রব্বানী, মৌলানা ফোরকান ও মৌলানা আলতাফ হোসেন প্রমুখ।
