খেলাধুলা : ২০২২ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। কাতালানদের অন্যতম সেরা এই স্ট্রাইকারের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সা।
বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু’তে থাকবেন উরুগুয়ের এই তারকা ফুটবলার।
বছর শেষের আগেই নতুন চুক্তি করতে রাজি হয়েছেন সুয়ারেজ। গত মৌসুমে ইউরোপের ক্লাবের হয়ে সর্বোচ্চ ৪০ গোল করা সুয়ারেজ প্রসঙ্গে বার্সা সভাপতি জানান, ‘সুয়ারেসের সঙ্গে ক্লাবের চুক্তি প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু বিষয় চূড়ান্ত করার বাকি। তবে, আমি বলতে পারি সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তি হতে পারে বড়দিনের দারুণ উপহার।’
কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে দারুণ সময় পার করছেন উরুগুইয়ান এই তারকা। বর্তমান চুক্তি অনুযায়ী সুয়ারেজ ২০১৯ সাল পর্যন্ত বার্সাতে খেলবেন। বর্তমানে ২৯ বছর চলা সুয়ারেজ চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত থাকলে তখন তার বয়স হবে ৩৫ বছর।
২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সায় পাড়ি জমান সুয়ারেজ। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলে বার্সার হয়ে ১১৫টি ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৯৬ গোল।
