খেলাধুলা : নিউজিল্যান্ড সফরে দলের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। এমন মুহূর্তে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের জায়গাটা হারিয়ে ফেলেছিলেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থানটা ফিরে পেলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। টেস্ট ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাংকিংয়ে এখনও দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব।
সোমবার আইসিসির প্রকাশিত এই র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান থেকে আবার শীর্ষে উঠেছেন সাকিব। তাই দ্বিতীয় স্থানে নেমে গেছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
সাকিব ৩৭৭ রেটিং পয়েন্ট পেয়েই সবার ওপরে ওঠেন। আর ম্যাথিউসের সংগ্রহ ৩৩৫ পয়েন্ট। এ তালিকায় ১০ জনের মধ্যে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার নেই।
অবশ্য টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। টেস্টে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের পয়েন্ট ৪০৫। টি-টোয়েন্টিতে সাকিবের ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। অসি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৮৮ এবং সাকিবের ৩৪৬।
অবশ্য একসময় তিন ঘরানার ক্রিকেটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। মাঝখানে ফর্ম খরার কারণে এই স্থান হারালেও আবার ধীরে ধীরে শীর্ষস্থান ফিরে পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
