সিটিনিউজ ডেস্ক::মমিনুল হকের হাফ সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটি ছিল বাংলাদেশের। প্রথম দিনের খেলা শেষে তিন উইকেটে ১৫৪ রান তুলেছে টাইগাররা। মমিনুল ৬৪ ও সাকিব ৫ রানে অপরাজিত রয়েছেন।
বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তীব্র বাতাস থাকায় তা ছিল পেস বোলারদের জন্য আদর্শ কন্ডিশন। তাই টস জিতে ফিল্ডিং নিতে ভুল করলেন না কেন উইলিয়ামসন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৬ রানে টিম সাউদির বলে ট্রেন্ট্র বোল্টকে ক্যাচ দিয়ে ফিরেন ইমরুল কায়েস। মাত্র এক রান করেন ইমরুল।
এরপর দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারাতে পারত টাইগাররা। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে জোরালো আবেদন করেন কিউই ফিল্ডাররা। বল তামিমের প্যাডে লাগে। আম্পায়ারের সাড়া না মিললে রিভিউ নেন কেন উইলিয়ামসন। সে যাত্রায় অবশ্য বেঁচে যান তামিম।
এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে টানা কয়েকটি চার মেরে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম ইকবাল। মাত্র ৪৮ বলে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি করেন তামিম। দলীয় ৬০ রানে বোল্টের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন তামিম। এরপর মমিনুলকে নিয়ে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ।
দারুণ খেলতে থাকেন মমিনুল। অন্যপ্রান্তে বেশ ধৈর্যের পরীক্ষা দেন রিয়াদ। ১০ ওভারেই ৪৪ রান তুলে ফেলেন তারা। এরপর আবারও শুরু হয় বৃষ্টি। বাংলাদেশের রান তখন ২ উইকেটে ১১৯। এরপর প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আবারও খেলা শুরু হয়।
দ্বিতীয় দফায় বৃষ্টি শেষে খেলার শুরু পরই অর্ধশতক পূর্ণ করেন মমিনুল হক। ওয়াগনারের বলে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পেসার তাসকিন আহমেদ ও শুভাশীষ রায়ের। তাসকিনের অভিষেকটা অবশ্য অনুমিত ছিল। তবে শুভাশীষের অভিষেক অনেকটা চমক।
আজ তিন পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন মিরাজ। তাসকিন, শুভাশীষের সঙ্গে দলে আরেক পেসার কামরুল ইসলাম।
