সিটিনিউজ ডেস্ক:: মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী নাগরিকদের সেদেশে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ শরণার্থী সমস্যার সমাধানে উপায় খুঁজে বের করারও প্রস্তাব দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমারকে রাখাইন রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। যাতে শরণার্থীরা দেশে ফিরে গিয়ে নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যাপারে নিশ্চিত হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ক্রমাগত অনুপ্রবেশের মূল কারণ খুঁজে বের করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংকট নিরসনের জন্যও মিয়ানমারের প্রতি অনুরোধ জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও টিন’র গতকালের বৈঠক সম্পর্কে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকও অন্যান্যের মধ্যে ব্রিফিং-এ উপস্থিত ছিলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশ সীমান্ত নিরাপত্তা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সীমান্ত ব্যবস্থাপনায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে গুরুত্বারোপ করেছে।
এছাড়া দু’দেশের মধ্যে একটি সীমান্ত লিয়াজোঁ অফিস খোলা ও সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশে ক্রমাগত রোহিঙ্গা অনুপ্রবেশের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান, গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতায় প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে।
তিনি বলেন, ‘আমরা তাকে (মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী) বলেছি, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বিশেষ করে কক্সবাজার জেলায় তিন লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর অবৈধ বসবাসের কারণে সেখানকার পারিপার্শ্বিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে।’
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফর দীর্ঘদিন ধরে দু’দেশের মধ্যে বিরাজমান রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনার পথ প্রশস্ত করবে।
রোহিঙ্গা রাজ্যে নতুন করে সহিংস ঘটনার পর প্রায় ৩৩ হাজার মিয়ানমার নাগরিক সীমান্ত অতিক্রম করে এবং কক্সবাজারের দু’টি শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। বাসস
এ বিভাগের আরও খবর
