গুলশানে হামলাকারী রাজীব গান্ধী গ্রেফতার : ২২ হত্যাকাণ্ডে জড়িত
বিশেষ প্রতিনিধি : পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করেছে । শুক্রবার (১৩ জানুয়ারী) রাতে টাঙ্গাইল থেকে তাকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম জানান ,হিন্দু পুরোহিত ও বিদেশি নাগরিক হত্যাসহ ২২ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।তিনি বলেন, শোলাকিয়া হামলায় একজন ও গুলশান হামলায় দুজন হামলাকারীকে রিক্রুট করার দায়িত্ব পালন করেছিলেন রাজীব গান্ধী।
মনিরুল ইসলাম বলেন, রাজীব গান্ধী নব্য জেএমবির একজন শীর্ষ নেতা। নব্য জেএমবির প্রধান সমন্বয়কারী তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উত্তরবঙ্গের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাজীব গান্ধী। রংপুরে জাপানি নাগরিক হোসিও কোনিও হত্যা, টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পুরোহিত নিত্তারঞ্জন পান্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ার হোমিও ডাক্তার সানাউর হত্যা, পঞ্চগড়ের পুরোহিত যুগেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাসহ ২২টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন রাজীব গান্ধী।
সিটি প্রধান বলেন, তামিম চৌধুরী ও নুরুল ইসলাম মারজানের সঙ্গে গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা পরিকল্পনা করেছিলেন রাজীব গান্ধী। গুলশান হামলায় অংশগ্রহণকারী খায়রুল ইসলাম পায়েল ওরফে বাঁধন এবং শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশকে নব্য জেএমবিতে পরিকল্পিতভাবে রিক্রুট করে।
