সিটিনিউজ ডেস্ক:: যশোরে বাসের ধাক্কায় তিন চাকার যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। সদর উপজেলার মানতরা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন- যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালীর ছেলে লাভলু ঢালী (৩৫) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ হোসেন (২৮)।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে থ্রি হুইলারে করে চৌগাছা থেকে যাত্রীরা যশোরের দিকে আসছিল। পথে শানতলা এলাকায় পৌঁছুলে চৌগাছামুখী একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে তারা আহত হন এবং লাভলু ঢালী ঘটনাস্থলেই প্রাণ হারান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, লাভলু ঢালীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, অবস্থার অবনতিতে গুরুতর আহত ফরিদকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আহত অন্যরা হলেন- চৌগাছার ফুলসারা এলাকার সোহেল (২৫), জাকির (২৫), আশরাফুল (৩০), সাজেদুর (২৬), শওকত (২৬), আসাদ (৩৫) এবং চান্দা আফরা এলাকার উজ্জ্বল (৩০)। এরা সবাই শানতলা এলাকায় অবস্থিত পেপসি কোম্পানিতে কাজ করেন।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন শানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
