সিটিন্রিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
সোমবার (২৩ জানুয়ারি) ৮ দিনের রিমান্ড শেষে রাজীব গান্ধীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে আদালত।
আদালতে রাজীব গান্ধীর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্তকারী অফিসার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার জবানবন্দি রেকর্ড করে আবারও তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গত ১৩ জানুয়ারি রাতে তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে। পরে ১৪ জানুয়ারি তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। ওই হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।
