সিটিনিউজ ডেস্ক::ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের পদচারণায় মুখরিতে হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। পুনর্মিলনী সফল করতে সারা দেশ থেকে অংশ নিয়েছেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। সমাবেশস্থল ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন অনেকে। এসব নেতাকর্মী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখর করে রেখেছেন পুরো এলাকা।
মঙ্গলবার সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। সংগঠনের নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ইতিমধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।
পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ কর্মী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
পুনর্মিলনীর মঞ্চ করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সংলগ্ন। মঞ্চটি করা হয়েছে দক্ষিণমুখী। মঞ্চের সামনে আমন্ত্রিত প্রাক্তন নেতাদের বসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে পুনর্মিলনী সফল করতে ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে একইসাথে সংগঠনের পক্ষ থেকে শৃঙ্খলা উপ-কমিটির ৩৫ জন সদস্য কাজ করে যাচ্ছেন। যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আগেই সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে সংগঠনটি।
