চকরিয়া প্রতিনিধি::চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফজল আহমদ নামের এক মুক্তিযোদ্ধার বসত ঘরে ফাঁকা ৫রাউন্ড গুলি বর্ষণ করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা বসতঘরে প্রবেশ করে প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চিরিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহমদ সাংবাদিকদের অভিযোগ করে জানান, বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে একটি তুচ্ছ ঘটনার জের ধরে একই ওয়ার্ডের রমজান আলীর তিন পুত্র জসিম উদ্দিন, গিয়াসউদ্দিন ও নাজেম উদ্দিনের নেত্বত্বে অবৈধ অস্ত্র নিয়ে আমার বাড়িতে ফাঁকা ৫রাউন্ড গুলি বর্ষণ করে। পরে ঘরের দরজা ভেঙে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরো বলেন, তারা এলাকার দাগী সন্ত্রাসী। বিভিন্ন অপরাধের মামলাও রয়েছে। কিছুদিন আগে তাদের বাড়ি থেকে পুলিশ অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে। তাদের নিয়ন্ত্রণে নানা অপরাধ সংঘঠিত হয়। ভোক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. কামরুল আজম বলেন, এবিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
