সিটিনিউজ ডেস্ক::সার্চ কমিটি নিয়ে নিরাশার মাঝেও বিএনপি আশার আলো দেখছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ বলেন, বিএনপি সার্চ কমিটির যে কাঠামো প্রস্তাব করেছিল, ঠিক তার উল্টো কমিটি করা হয়েছে। বিএনপি প্রস্তাব করেছিল, অবসরপ্রাপ্ত ও সরকারের লাভজনক পদে নেই এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে। বিএনপি সার্চ কমিটিতে কোনো নাম দেয়নি।
তিনি আশা করেন, এই কমিটি নির্বাচন কমিশনার হিসেবে এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে, যাদের রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, নেই। জ্ঞান, সততা, গ্রহণযোগ্যতা, দলীয় স্বার্থ-সম্পর্কিত নন, এমন ব্যক্তিদের নাম তারা সুপারিশ করবেন।
সার্চ কমিটির সদস্যদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আমাদের দলীয় কাউকেও আপনারা সুপারিশ করবেন না।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে বক্তব্য দেন মোস্তফা জামাল হায়দার, অ্যাডভোকেট. ফরিদুজ্জামান ফরহাদ, অ্যাডভোকেট. এহসানুল হুদা, অ্যাডভোকেট. সাইফুদ্দিন মনি, মিয়া মোহাম্মদ আনোয়ার, এম.আহমেদ খান মন্টু, শরীফ মোস্তফাজামান লিটু, কবি নিজাম উদ্দিন, আলতাফ হোসেন সরদার, মুক্তার হোসেন, জসীমউদ্দিন মজুমদার, সাইফুল ইসলাম, শিল্পী আজাহার উদ্দিন পাঠান, শাহরিয়ার জাকির হাসান, আল আমিন বাদশা প্রমুখ।
