সিটিনিউজ ডেস্ক : ভারতে ৩০ (জানুয়ারী) সোমবার থেকে শুরু হয়েছে ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৭।
এই বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলও। গতকাল সোমবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি। ফলে ১২৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত।
ব্যাট হাতে ভারতের প্রকাশ ৫৭ বলে ১৮ চারের সাহায্যে ৯৬ রান করেন। আর কেতন প্যাটেল ৫০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৯৮ রান করেন। এ ছাড়া ভেনকাতেশ্বরী রাও ৩৫ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ৩৮ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ২৭৯ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।
ভারতের যে পাঁচটি উইকেটের পতন ঘটেছে তার চারটিই রান আউট হয়েছে। ১টি উইকেট নিয়েছেন বাংলাদেশের মো. শাহাদাত হোসেন।
আজ বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ১ ফেব্রুয়ারি নেপাল, ২ তারিখ ওয়েস্ট ইন্ডিজ, ৩ তারিখ নিউজিল্যান্ড, ৪ তারিখ অস্ট্রেলিয়া, ৫ তারিখ ইংল্যান্ড, ৭ তারিখ পাকিস্তান, ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।
১০ ও ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
