সিটিনিউজবিডিঃ রাজধানীর উত্তরায় ‘ডিবি’ পরিচয় দিয়ে গিয়াসউদ্দীন কুসুম (৪২) নামের এক ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। তার পরিবার জানিয়েছে তিনি পুরোনো জাহাজভাঙার ব্যবসায় জড়িত । গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে গতকাল রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেছেন অপহৃত ব্যবসায়ীর ভাই জসীমউদদীন।
চট্টগ্রাম থেকে গত ৩০ জুন ঢাকায় আসেন গিয়াসউদ্দীন। তিনি উত্তরার ১০ নম্বর সেক্টরে একটি বাসায় ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে তমা ট্যাক্সি সার্ভিসের একটি গাড়ি নিয়ে তিনি বাসা থেকে বের হন। কিছু দূর যাওয়ার পরে উত্তরা ১ ও ২ নম্বর সেক্টরের মাঝের সড়কে মাইক্রোবাস দিয়ে রাস্তা আটকে ট্যাক্সিটি থামায় দুর্বৃত্তরা। এরপর ট্যাক্সিচালকসহ গিয়াসউদ্দীনকে মাইক্রোবাসে তোলা হয়। কিছু দূর গিয়ে ট্যাক্সিচালক মনিরকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। পরে ওই চালকই ১০ নম্বর সেক্টরের বাসায় খবর দেন যে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়দানকারীরা তাঁর গাড়ির যাত্রীকে ধরে নিয়ে গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, এ বিষয়ে জসীমউদদীন একটি মামলা করেছেন। মামলায় কয়েকটি সন্দেহের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
