স্পোর্টস ডেস্ক::পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনাল খেলতে লাহোর যাচ্ছেন বাংলাদেশী ক্রিকেটার এনামুল হক বিজয়। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর শনিবার লাহোরের উদ্দেশে ঢাকা ছাড়বেন এনামুল।
এনামুল জানান, ‘আলহামদুলিল্লাহ, ‘লাহোরে খেলার ছাড়পত্র হাতে পেলাম। এখন ভালো লাগছে। সব ঠিক থাকলে শনিবার পাকিস্তান যাব।’
এদিকে এনামুল নিজের দায়িত্বে লাহোর যাচ্ছেন, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি জেনে নিয়েছে বিসিবি।
২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে হামলা করেছিল বন্দুকধারী সন্ত্রাসীরা। এরপর থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ। ভয়াবহ সেই হামলার ৮ বছর পূর্তির দিনেই বিসিবি থেকে লাহোরে খেলার ছাড়পত্র পান এনামুল।
রবিাবর (৫ মার্চ) ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলবেন এনামুল। কোয়েটার কাছ থেকে প্রস্তাব পেয়ে বিসিবিকে জানান এনামুল। পাকিস্তানে যাওয়ার জন্য তাকে অনাপত্তিপত্র দেয়ার আগে অনেক আলোচনা হয়েছে বোর্ডে। বোর্ড সভাপতি পর্যন্তও গড়িয়েছে ব্যাপারটা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেয়াটা সহজ ছিল না। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিসিবি প্রেসিডেন্ট সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন বিজয়ের হাতেই। যদিও সে নিজ দায়িত্বে যাচ্ছে, তারপরও আমরা পিসিবি সঙ্গে কথা বলেছি। নিশ্চিত হয়েছি যে, সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয়া হবে।’
পিসিবি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নেয়ার। পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের সিদ্ধান্ত সেই চেষ্টার পথেই একটি পদক্ষেপ। এর আগে বিদেশী কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন তারা পাকিস্তানে খেলতে যাবেন না।
