দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভবনা

0

 সিটিনিউজবিডি  :  রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচে একাদশে পরিবর্তন এনে মাঠে নামতে পারেন মাশরাফি বিন মর্তুজারা। একাদশ থেকে বাদ যেতে পারেন নবাগত ব্যাটসম্যান লিটন কুমার দাশ ও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। তাদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে এনামুল হক বিজয় ও পেসার রুবেল হোসেন বা স্পিনার আরাফাত সানীর কোনো একজনকে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও টেকনিক্যাল কমিটির সদস্য শফিকুল হক হীরার বক্তব্যে পাওয়া গিয়েছে এমন আভাস।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স মূল্যায়ন করার লক্ষ্যে বেশ কিছুদিন আগেই গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি। এই কমিটিতে রয়েছেন সাবেক ৬ ক্রিকেটার। তারা হলেন- জাহাঙ্গীর শাহ বাদশা, আতহার আলী খান, এএসএম ফারুক, ইশতিয়াক আহমেদ, মঈনুল হক ও শফিকুল হক হীরা। ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে মূল্যায়নের কপি জমা দিয়ে থাকে টেকনিক্যাল কিমিটি। এরই ধারাবাহিকতায় প্রথম ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তনের সুপারিশ করেছে টেকনিক্যাল কিমিটি। শনিবার মিডিয়াকে এমন তথ্যই জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেছেন, ‘টেকনিক্যাল কমিটি আমাদের প্রস্তাব দিয়েছে আগের একাদশ থেকে দুটি পরিবর্তন আনার। বিষয়টি আমি কোচ, ম্যানেজার ও অধিনায়ককে জানিয়েছি। আজকে (শনিবার) রাতে অথবা কাল সকালে (রবিবার) চূড়ান্ত হবে মূল একাদশ।’
মূল একাদশে পেসার রুবেল হোসেনের ফেরার জোর সম্ভাবনা রয়েছে। ফলে একজন স্পিনারের বাদ দিতে হচ্ছে একাদশে থেকে। সেই হিসেবে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনেরই বাদ পড়ার সম্ভাবনা প্রকট। অন্যদিকে, ব্যাটিংয়ে লিটন দাশকে বাদ দিয়ে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে একাদশে।
এদিকে টেকিনক্যাল কিমিটির সদস্য শফিকুল হক হীরা বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচের জন্য দলে ৩টি পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। লিটন কুমারের পরিবর্তে এনামুলকে, জুবায়েরের পরিবর্তে আরাফাত সানী এবং সাব্বিরের পরিবর্তে রুবেল হোসেনকে খেলানোর সুপারিশ করা হয়েছে।’
অবশ্য বিসিবি সভাপতি এটাও বলেছেন, ‘একাদশ ঠিক করা অধিনায়ক ও কোচের ব্যাপার। এটা নিয়ে আগেও আমরা মাথা ঘামাইনি, এখনো ঘামাচ্ছি না। দলের একজনকে নিয়ে কোচ ও অধিনায়কের মধ্যে দ্বিমত রয়েছে। রবিবার সকালেই ১১ জন ফিক্সড হয়ে যাবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.