ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই- ফরিদ উদ্দিন মাসউদ
চকরিয়া প্রতিনিধি: শোলাকিয়া ঈদ জামাতের খতিব প্রখ্যাত আলেম-এ দ্বীন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, ‘বাংলাদেশের এক লাখ আলেম জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেটা পৃথিবীর কোনো দেশ পারেনি। শোলাকিয়ায় হামলার পর আলেম উলামা থেকে শুরু করে গ্রামেগঞ্জের সাধারণ মানুষ পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শুক্রবার (২৪ মার্চ) বিকেল পাঁচটায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী আলেম-উলেমা সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব।
ফরিদ উদ্দিন মাসুদ বলেন, এখন ইসলামের নামে অপব্যাখা দেওয়ার সুযোগ নেই। সীতাকুন্ডে বাড়ির মালিকই জঙ্গিদের ব্যাপারে পুলিশকে খবর দিয়েছে। এটা ইরাক ও সিরিয়া নয়, এটা বাংলাদেশ। এখানে সন্ত্রাসী করে মানুষ মেরে কেউ লুকিয়ে থাকতে পারবে না। এদেশের জনগন, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকার এক হয়েছে। ফরিদ উদ্দিন মাসউদ সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে বলেন, এখন আরেকটা সংস্কৃতি চালু হয়েছে। আত্মঘাতি বোমা হামলা। যাঁরা আত্মহত্যা করে, তাঁদের জানাজা পড়া হারাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশেনের প্রতিনিধি সিরাজ উদ দৌলাহ, উম্মেহাতুল মোমেনিন দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন আনসারী, পালাকাটা দাখিল মাদ্রাসার সুপার নুরুল হোছাইন, মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আবছার সিদ্দিকী, বাটাখালী নুরীয়া দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী মনজুরুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমরউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, সহসভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন জয়নাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, সহসভাপতি মুজিবুল হক, ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী।
