মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::রাঙা সূর্যকে অভিবাদন আর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় বৈশাখের প্রথম সকাল। এসময় শিল্পী কণ্ঠে সুর ওঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’। রাঙামাটির বিভিন্ন স্তরের জনসাধারণের উপস্থিতি রঙ-বেরঙের ফেস্টুনে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বৈশাখের প্রথম সকালে শোভাযাত্রার পরপরই জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলাপ্রশাসক মোঃ মানজারুল মান্নান, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। স্থানীয় নবীণ-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, কবিতা আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সুরমূর্ছনায় এসময় তুলে ধরা হয় বাঙালির হাজারো বছরের ঐতিহ্যবাহি সংস্কৃতি।
সকলেই তাদের বক্তব্যে পুরনো দিনের সমস্ত গ্লানি মুছে ফেলে আগামী দিনে নতুন সম্ভাবনার আলো জ্বালাতে সকল বয়সের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। নতুন বছরটিতে যেনো দেশ ও দেশের মানুষ শান্তি ও স¤প্রীতির মাঝে বসবাস করতে পারে সকলের কণ্ঠে সেই আশাবাদ প্রতিধ্বনিত হয়। পাহাড়ের বৈসাবি ও বাংলা নববর্ষের অনুষ্ঠানে পাহাড়ি, বাঙালি জনগোষ্ঠী যেন উৎসবে বুঁদ হয়ে আছেন।
