পাঁচ বছরেও ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় আফসোস

0

সিটিনিউজ ডেস্ক:: পাঁচ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আফসোস করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ইলিয়াস ইস্যুতে আমরা আরও শক্ত ভূমিকা নিতে পারতাম। তাকে গুম করার পর যে অবরোধ ডাকা হয়েছিল তা সফল ছিল। এরপর কেন জানি আস্তে আস্তে থিতিয়ে গেলাম।

সোমবার দুপুরে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগ সংহতি সম্মেলন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুমের পাঁচ বছর পূর্ণ হওয়া উপলক্ষে তাকে ফিরে পাওয়ার দাবিতে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, কেন জানি মনে হচ্ছে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। কোথায় যেন সমস্যা হচ্ছে। আমরা যদি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের কাছে বার বার যেতাম তাহলে ইলিয়াস আলীকে খুঁজে না পেলেও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের মুখোশ উন্মোচিত হতো।

আয়োজক সংগঠনের সভাপতি আবদুল কাইউমকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, আপনারা ইলিয়াস আলীকে গুম করার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান। আমরা সহযোগিতা করার চেষ্টা করবো।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনার হাওর অঞ্চল পরিদর্শনের অভিজ্ঞতা বর্নণা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, হাওর অঞ্চলের মানুষের মধ্যে যে আগ্রহ দেখেছি; আমি বিশ্বাসের সাথে বলতে পারি আমরা ঐক্যবদ্ধ হতে পারলে কোনো অপশক্তি ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

বর্তমান সরকারের গণভিত্তি নেই, তাই তিস্তার পানি আনারও ক্ষমতা নেই উল্লেখ করে তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) জনগণের ভোটে নির্বাচিত হলে বলতে পারতেন, তিস্তা দিতে না পারলে অন্য চুক্তি সই করতে পারবো না।

বাংলাদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল জানিয়ে ফখরুল বলেন, আমাদের ৫৪টি অভিন্ন নদীর পানি চুক্তি দরকার। নতজানু সেবাদাস সরকারকে দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না। ন্যায্য হিস্যা পাওয়া যাবে না।

সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.