মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুর প্রতিবাদে রাঙামাটিতে সড়ক ও নৌ-পথ সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত ছাত্র সংগঠনটি।
অবরোধের সমর্থনে রবিবার সকাল থেকেই ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় পিকেটিং এর খবর পাওয়া গেছে। তবে শহরে কোনও জায়গায় সংগঠনের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায় নি। শহরের একমাত্র যানবাহন অটোরিক্সা অন্যান দিনের তুলনায় কিছুটা কম। আইন-শৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থান রয়েছে।
অবরোধের কারণে রাঙামাটি শহরের আভ্যন্তরীণ ও দুরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ আছে। শহর থেকে কোন লঞ্চ উপজেলার উদেশ্যে ছেড়ে যায় নি। উপজেলা গুলো থেকেও শান্তিপূর্ণ অবরোধ পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক চাকমা মোবাইল ফোনে জানান, রমেল চাকমার মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের আইনের আওয়াতায় এনে বিচার করতে হবে।
রাঙামাটি কোতয়োলী থানার এসআই সৌরজিৎ বড়–য়া বলেন, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল, কোথাও কোন পিকেটিং নাই। দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায় নি কিন্তু শহরের যান চলাচল স্বভাবিক আছে।
উল্লেখ্য, নানিয়ারচর উপজেলায় দুইটি ট্রাকে আগুন দেবার ঘটনায় অভিযোগে গত বুধবার (৫ এপ্রিল) নানিয়ারচর বাজার থেকে রমেল চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। পরে নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তরের পর রমেল চাকমা বুকেব্যথা অনুভবের কথা জানালে বৃহস্পতিবার (৬ এপ্রিল) পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বৃহস্পতিবার (১৯এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
