খেলাধুলা : মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে রাইজিং পুনে ১৫৭ রানের করেছে। জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ছুড়ে দিয়েছে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা।
টস হেরে আগে ব্যাট করতে নামা পুনে প্রথম উইকেট হারায় ১৮ রানের মাথায়। আজিঙ্কা রাহানে সবার আগে ফেরেন সাজঘরে। ৬ রান করতেই স্যামুয়েল বদ্রির বলে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ তুলে দেন পুনের এই ওপেনার।
দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই উইকেটে রাহুল ত্রিপাথিকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন অধিনায়ক স্টিভেন স্মিথ। এই জুটি ভাঙেন পবন নেগি। তিনি শিকারে পরিণত করেন ত্রিপাথিকে। বিদায়ের আগে ২৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৭ রান করেছেন ত্রিপাথি।
অধিনায়ক স্টিভেন স্মিথ থেমেছেন ৪৫ রানে। ৩২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৫ করেছেন তিনি। স্টুয়ার্ট বিনির বলে মিলনের তালুবন্দী হন স্মিথ। মনোজ তিওয়ারি আজও রানের দেখা পেয়েছেন। ৩৫ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।
মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ছিলেন ২১ রান নিয়ে। তার ১৭ বলের ইনিংসটা সাজানো একটি করে চার ও ছক্কায়। পুনের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট বিনি, পবন নেগি ও স্যামুয়েল বদ্রি।
