বাংলাদেশে গণমাধ্যম চাপে আছে: টিআইবি

0

সিটিনিউজ ডেস্ক::বাংলাদেশে গণমাধ্যম চাপে আছে বলে দাবি করেছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ শাখা টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন,সরকারকেই গণমাধ্যমের স্বাধীন পরিবেশ তৈরির জন্য মৌলিক দায়িদ্ব পালন করতে হবে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংলাপে এই দাবি করা হয়। এসডিজি ১৬ ও সুশাসন:সরকার,গণমাধ্যম ও জনগণ শীর্ষক এই সংলাপটি আয়োজন করা হয় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে।

গণমাধ্যম চাপে আছে-বেশিরভাগ বক্তাই এই ধরনের অভিযোগ করলেও কারা এবং কীভাবে চাপ দিচ্ছে সেটি সুষ্পষ্টভাবে কেউ বলতে পারেননি। যদিও বেশিরভাগ বক্তাই কথা বলেন সরকারকে ইঙ্গিত করেই।

সংলাপে এমনও বলা হয়, গণমাধ্যমের ওপর চাপের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান খারাপ নয়, বরং অনেক দিক থেকেও ভাল।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সমালোচকদেরকে শুভাকাঙ্ক্ষী হিসেবেই ভাবতে হবে। সরকারের মধ্যে এই মানসিকতা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, যারা গণমাধ্যমের স্বাধীন বিকাশের অন্তরায় সৃষ্টি করে, ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে তারা সাময়িক সুবিধা লাভ করলেও দীর্ঘমেয়াদে তা তাদের জন্যই ক্ষতিকর হয়। চূড়ান্ত বিচারে এটা বুমেরাং হয়।

ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমকর্মীদের রাজনৈতিক মতাদর্শের না হয়ে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করে নাকি রাজনৈতিক বিবেচনায় পরিবেশন করে-সেই বিষয়টিও বিবেচনার কথা বলেন ইফতেখার।

সংলাপে গণমাধ্যম ব্যক্তিত্ব আফসান চৌধুরী বলেন, ‘বর্তমানে আমি পত্রিকা পড়ি না। অনলাইনে দেখি। অনলাইনে খুব দ্রুত বেশি মানুষের কাছে খবর পৌঁছানো যায়। তাই এই মাধ্যমের বিকাশের জন্য পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে খেয়াল রাখতে হবে অনলাইন মাধ্যমকে ব্যবহার করে কেউ ভুয়া খবর প্রচার করতে না পারে।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন করতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে দলগুলো অনেক কিছু বলে। কিন্তু যখন তারা ক্ষমতায় যায়, তখন দলগুলো চায় রাষ্ট্রীয় সংস্থাগুলো যেন তাদের হয়ে কাজ করে। এই মানসিকতার পরিবর্তন জরুরি।

টিআইবির উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের,কলামিস্ট মুহম্মদ জাহাঙ্গীর প্রমুখ এই সংলাপে বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.