ইসলামের অপব্যখ্যার বিরুদ্ধে সচেতনতায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম শুরু

0

সিটিনিউজবিডি  :   ইসলামের অপব্যখ্যার বিরুদ্ধে অবহিত করতে এবং সচেতনতা তৈরিতে দাওয়াতি কার্যক্রম শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) বাংলাদেশ।

এ জন্য মঙ্গলবার থেকে জেলা পর্যায়ে কর্মশালা শুরু হয়েছে ফাউন্ডেশনের। জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী দর্শন এবং ওহাবি, কাদিয়ানি মতবাদকে প্রকৃত ইসলামের অপব্যখ্যাকারি ও ভ্রান্ত আক্বিদা উল্লেখ করে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলেম ওলামাদের অবহিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

কর্মসূচির আওতায় প্রথম দিনে সকাল থেকেই বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলায় ইমাম ও আলেমদের নিয়ে অনুষ্ঠিত হয় দাওয়াতি কার্যক্রম কর্মশালা। ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় আলেম ওলামা এতে অংশ নেন।

ইনলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দীনি শিক্ষার কারিক্যুলাম পুনর্বিন্যাস করে ওহির মাধ্যমে আরবিতে প্রাপ্ত পবিত্র কোরআনের পাশাপাশি  সিয়াহ সিত্তাহ কিতাব অধ্যয়নের মাধ্যমে ইলম ও আলেম তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামের নামে মওদুদীর ভ্রান্ত আক্বিদা ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে। তাদের ইসলাম বিকৃতি ও অপব্যখ্যা প্রকৃত ইসলাম ও মুসলমানদের ক্ষতি করছে। একইভাবে ওহাবি ও কাদিয়ানি মতবাদের কারণে বড় ধরণের ক্ষতিকর প্রভাব পড়ছে। এ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের বাঁচাতে প্রকৃত আলেম ও ওলামাদের এগিয়ে আসতে হবে। তাদের সম্পর্কে স্বচ্ছ্ব ধারণা দিতে হবে সাধারণ মুসলমানদের। এটা করা সম্ভব হলে তাহলে দেশে ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস যেমনি কমে আসবে তেমনি ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না।

সামীম মোহাম্মদ আফজাল পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দীনি শিক্ষাকে ঢেলে সাজানোর আহ্বান জানান।

দাওয়াতি কার্যক্রমের এই কর্মশালায় ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামের বুনিয়াদী শিক্ষা, বোগদাদী কায়দা প্রশিক্ষণ, দরসে কোরআন, দরসে হাদীস, ইলমে ফিকহ ও তাসাউফের গুরুত্ব, মিলাদ-কিয়াম, জিকির, হামদ-নাত, গজল পরিবেশন, দীনি শিক্ষা, কারিকুলামে ইসলাম সম্পর্কে নানা ধরণের অপব্যাখ্যার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরাসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার থেকে জেলা পর্যায়ে দাওয়াতি প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রম শুরু হলেও তা প্রথম দফায় শেষ হবে ২৮ জুলাই। এরপর বাকী জেলাগুলোতে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আগামীগাল বুধবার রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ২৩ জুলাই গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ২৪ জুলাই কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ২৫ জুলাই মেহেরপুর, ঝিনাইদেহ, কুষ্টিয়া, ২৬ জুলাই নড়াইল, মাগুরা, যশোর ও রাজবাড়িতে অনুষ্ঠিত হবে কর্মশালা।

২৭জুলাই বাগেরহাট, মাদারিপুর, সাতক্ষীরা  ও ফরিদপুর এবং ২৮ জুলাই গোপালগঞ্জ, শরীয়তপুর ও  খুলনায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.