সিটিনিউজবিডি : বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা স্তগিত হয়ে গেছে। তৃতীয় সেশনে ৯.৫ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি এসে বাগড়া দেয়। ৫৩ মিনিট পর খেলা শুরু হলে এক বল হতেই আবার বৃষ্টির আগমনে খেলা বন্ধ হয়ে যায়। ৪৫ মিনিট পর দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টির আগ পর্যন্ত ৬৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ১ রানে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে সফরকারীদের থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৬৯ রানে।
বিনা উইকেটে ৭ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। উইকেটের প্রকৃতি বুঝে দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার। ৪৬ রানের জুটিও গড়েন দুজন। তবে এর পরই ফন জিলের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে বিদায় নেন ইমরুল। তার ব্যাট থেকে আসে ২৬ রান।
এরপর স্কোরবোর্ডে আর ৯ রান জমা হতেই সাজঘরে ফেরেন তিন নম্বরে নামা মুমিনুল হক। সিমন হারমারের বলে বোল্ড হন ৬ রান করা মুমিনুল। দ্রুত ২ উইকেট হারিয়ে তখন কিছুটা বিপদেই পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়ে দলকে আলোর পথ দেখান তামিম ও মাহমুদউল্লাহ।
ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি করার পর বিদায় নেন তামিম। পার্ট টাইম বোলার ডিন এলগারের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন তামিম। আউট হওয়ার আগে দারুণ ধৈর্যের পরীক্ষা দিয়ে ১২৯ বলে ৩ চারে ৫৭ রান করেন এই বাঁহাতি। তামিমের বিদায়ের পর ফিফটি পূরণ করেন মাহমুদউল্লাহও।
মুশফিকুর রহিমের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ভারনন ফিল্যান্ডারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৬৭ রান। এরপর মুশফিকের সঙ্গে সাকিব যোগ দিতেই বৃষ্টি বাগড়া দেয়। ফলে তৃতীয় সেশনে ১০ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।
এর আগে প্রথম দিনে ২৪৮ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান চারটি উইকেট নেন। এ ছাড়া স্পিনার জুবায়ের হোসেন লিখন ৩টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তেম্বা বাভুমা অর্ধশতকের দেখা পান (৫৪ রান)। এ ছাড়া ফাফ ডু প্লেসিস ৪৮ ও এলগার ৪৭ রান করেন।
