সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে প্রচন্ড ঝড়ের কবলে গাছ ভেঙ্গে পড়ে দুইজন ও কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমনে একজন নিহত হয়েছে। ঝড়ে নিহতরা হলেন-রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মাহিমা আকতার(১৪) ও আসামবস্তিস্থ হাজেরা খাতুন(৪৫)। এসময় হাজেরা খাতুনের ৫ বছরের শিশু সন্তান জুনাইদও আহত হয়েছে।
জানা যায়, দুপুরে প্রচন্ড তুফানের সময় শহরের ভেদভেদিস্থ মুসলিম পাড়ায় গাছ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই নিহত হন মাহিমা। অপরদিকে ঘরের ছালের উপর গাছ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে হাজেরা খাতুন নিহত হয়। এসময় তার পাঁচ বছরের শিশু সন্তান জুনাইদও আহত হয়।
অপরদিকে বন্য হাতির আক্রমনে কাপ্তাই উপজেলার নেভি ক্যাম্পের পাশে এক মহিলার মৃত্যু হয়েছে। দুপুরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে তবে নিহত মহিলার পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে প্রচন্ড ঝড়ে রাঙামাটির বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুটি পড়ে যোগাযোগ বন্ধ রয়েছে। কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে।
