খেলাধুলা : ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব হলেও অ্যালেক্স ফার্গুসন অধ্যায়ের পর নিজেদের সোনালী অতীত খুঁজে পাওয়ার চেষ্টায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সদ্য শেষ হওয়া মৌসুমে বিশ্বের অন্যতম সেরা কোচ হোসে মরিনহোর অধীনে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ করেছে ম্যানইউ। তবে লিগে ব্যর্থ হলেও উয়েফা ইউরোপা লিগের মতো আসরে শিরোপা জিতেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। আর তাতেই সব মিলিয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হিসেবে শীর্ষে উঠেছে ম্যানচেস্টারের এ ক্লাবটি।
প্রথম ইউরোপিয়ান ক্লাব হিসেবে প্রাতিষ্ঠানিক মূল্য ৩ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্থিক নিরীক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ‘কেএমপিজির’ গবেষনায় এ তথ্য উঠে এসেছে। ইংলিশ লিগের ক্লাব হিসেবে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তাদের পরেই রয়েছে আর্সেনাল। আর চলতি মৌসুমে শিরোপা জয়ী চেলসি রয়েছে চতুর্থ স্থানে।
আর্থিক সমৃদ্ধির কারণ হিসেবে ইংলিশ ক্লাবগুলোর বিশ্বব্যাপী ৯.৫ বিলিয়ন ইউরোর সম্প্রচার স্বত্বের চুক্তিকেই প্রধান হিসেবে দেখা হচ্ছে। এজন্যই শীর্ষ দশের মধ্যে ছয়টিই ইংলিশ লিগের ক্লাব।
রিয়ালকে হটিয়ে সর্বোচ্চ আয়ের ক্লাব হিসেবে ম্যানইউ শীর্ষে উঠলেও যথারীতি তৃতীয় স্থানটি বার্সেলেনার দখলে। চতুর্থ স্থানে রয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এরপর ম্যানসিটি, আর্সেনাল, চেলসি ও লিভারপুল রয়েছে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্ঠম স্থানে স্থানে। নবম স্থানে সিরি’আ চ্যাম্পিয়নস জুভেন্টাস ঢুকলে দশম অবস্থানটি আরেক ইংলিশ ক্লাব টটেনহামের দখলে।
