শাহবাগে কর্মসূচি সাকার ফাঁসি বহাল রাখার দাবিতে

0

শাহবাগে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত  সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড বহাল রাখার দাবিতে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। এ সময় তারা বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে সমাবেশ করেন মঞ্চের নেতাকর্মীরা। এ সমাবেশ থেকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডাদেশ বহালসহ সব মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

বিকেল পৌনে ৫টার দিকে অনুষ্ঠিত ওই সমাবেশ থেকে মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সাংবাদিকদের সঙ্গে আন্দোলন সম্পর্কে কথা বলেন। তার বক্তব্যের সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এর মধ্যেও অবস্থান কর্মসূচি চলে।  কর্মসূচি চলাকালে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এদের মধ্যে প্রকৌশলী সায়েদা সুলতানা অ্যানি, নিউইয়র্কের বাফেলো ইউনিভার্সিটির অধ্যাপক ড. নাভিন মুর্শেদসহ অনেকেই বক্তব্য রাখেন।

ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘কুখ্যাত রাজাকার সাকা চৌধুরী রায়কে প্রভাবিত করার জন্য ইতিমধ্যে নানা ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে। সে এবং তার পরিবারের ধৃষ্টতা দেশের সবাই দেখেছে। তারা রায় এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নানা ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি আরো বলেন, ‘সাকা চৌধুরী দেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা। তার জাতীয় ও আন্তর্জাতিক লবিং যথেষ্ট শক্তিশালী। এসব বিষয় রায়ের ক্ষেত্রে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা, এ বিষয়ে যথেষ্ট সন্দেহ ও শঙ্কার অবকাশ আছে। পরিস্থিতি যাই হোক দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে গণজাগরণ মঞ্চ এই যুদ্ধাপরাধীর যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে।’

দেশের সর্বোচ্চ আদালতে সাকা চৌধুরীর আপিলের রায় আগামী ২৯ জুলাই হওয়ার দিন রয়েছে। মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে গত ২০১৩-এর ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অবস্থান কর্মসূচি শেষে একটি মিছিল শাহবাগ থেকে টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।

 

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.