দেশের মানুষ দুঃশাসন থেকে পরিত্রাণ চায় – এরশাদ

0

সিটিনিউজবিডি :  দেশের মানুষ দুঃশাসন থেকে পরিত্রাণ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার বনানীস্থ কার্যালয়ে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ-উত্তর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, সারা দেশে এক দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। নারী-শিশু কেউ রেহাই পাচ্ছে না। দেশে বিরাজমান অস্বাভাবিক পরিস্থিতি থেকে মানুষ এখন পরিত্রাণ চায়। সন্ত্রাস, দুর্নীতি-দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে জাতীয় পার্টিই এখন একমাত্র বিকল্প।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির উপর অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। যারা আমাদের উপর নির্যাতন চালিয়েছে, তাদেরও আজ সেই পরিণতি বরণ করতে হচ্ছে। আজ খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে। তাকেও জেলে যেতে হবে। তার দলের আজ সাংগঠনিক শক্তি নাই। এই দলের সামনে অন্ধকার।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু এবং কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আবু জাফর রিপন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.