খেলাধুলা : ফুটবলে বর্তমান সময়ে অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম শেষে এবার রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। স্প্যানিশ কর বিভাগ তার বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ তুলেছে। আর এমন অভিযোগে বিচলিত রোনালদো স্পেন ছাড়ার কথা ভাবছেন বলে স্প্যানিশ ও পর্তুগিজ গনমাধ্যমগুলো জানিয়েছে।
রোনালদোর স্পেন ছাড়ার এমন সিদ্ধান্ত অপরিবর্তনীয় হতে পারে। এ ব্যাপারে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও নাকি কথা হয়েছে তার। শুক্রবার স্পেনের ‘এ বোলা’ সংবাদ পত্রে ‘রোনালদো স্পেন ছাড়তে চান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া পর্তুগিজ গনমাধ্যমগুলো জানিয়েছে রোনালদোকে পেতে নাকি রিয়ালের কাছে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই ও মোনাকোর মতো ক্লাবগুলো। তবে এ ব্যাপারে এখনো অফিসিয়ালি কিছু জানানি পর্তুগিজ সুপারস্টার।
কর ফাঁকিতে রোনালদো অভিযুক্ত বলে স্প্যানিশ কর বিভাগ দাবি করলেও তাকে নির্দোষ বলে আসছে রিয়াল মাদ্রিদ। শিবিরের সবচেয়ে সেরা তারকাকে নিয়ে এক বিবৃতিতে রিয়াল জানিয়েছিল, ‘২০০৯ সালে জুলাইয়ের পর থেকে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই রোনালদো কর ও সকল বাধ্যবাধকতা সঠিকভাবেই পালন করে আসছেন।’
