প্রযুক্তি ডেস্ক :: রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা।
আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ক্রেতা ও দর্শনার্থীরা সেরা ব্র্যান্ডগুলোর ডিভাইসের এ প্রর্দশনীতে আসতে শুরু করেছেন সকাল ১০টা থেকেই।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মেলায় অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের বিভিন্ন অফার আর ছাড়ের ঘোষণা করেছে। অনেক স্মার্টফোন ব্র্যান্ড দর্শনার্থীদের জন্য ‘বিশেষ’ আয়োজন রেখেছে।
মেলায় অফার আর ছাড়ের ঘোষণা থাকায় দর্শনার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন পণ্যের অফার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন।
এছাড়াও মেলা প্রাঙ্গণে বিভিন্ন ব্র্যান্ড নতুন মডেলের স্মার্টফোন ও ট্যাব উম্মোচন করার অপেক্ষায় রয়েছে। সঙ্গে সর্বশেষ সংস্করণের স্মার্টফোন তো থাকছেই।
মেলার সমন্বয়কারী ও এক্সপো মেকারের জেনারেল ম্যানেজার নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন,
“স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি অষ্টম প্রদর্শনী। মেলায় দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে।
এবারের মেলায় বেশকিছু নতুন ও জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অংশ নিচ্ছে।মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম।”
এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে ‘স্মার্ট চ্যাম্প কুইজ কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা হুয়াওয়ে, মাইক্রোম্যাক্স, লাভা ও লেনোভোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন।
এছাড়াও মেলার তিনদিন সিম্ফনি মোবাইলের স্পন্সরে ‘সেলফি বাজ কুইজ কনটেস্ট’-এ পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
