সিটিনিউজ ডেস্ক:: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। তবে চিকিৎসকদের ওষুধ প্রয়োগে তিনি কিছুটা অশ্বস্তিতে থাকার কারণে ঘুমের ওষুধ দিয়ে এখনো তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের দিকে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা তাকে স্বাভাবিকভাবেই জাগিয়ে তোলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ‘মেয়র সাহেবের শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওনাকে (স্টেরয়েড ও অন্যান্য ওষুধ) যে ওষুধ দেয়া হচ্ছে এতে তিনি কিছুটা আন-ইজি ফিল করার কারণে তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তার বলেছে আগামী তিন দিনের মধ্যে ঘুমের ওষুধ কমিয়ে তাকে জাগিয়ে তোলা হবে।’
মিজানুর রহমান বলেন, ‘মেয়র সাহের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ১৩ আগস্ট স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। লন্ডনে ব্যক্তিগত সফর শেষে গত ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।
