সিটিনিউজ ডেস্ক::নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ত্ব আদেশের দুটি ধারা ও রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে এই রুলের জবাব দিতে বলেন।বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিট আবেদনটি দায়ের ও শুনানি করেন সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি, ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা উল্লেখ করে নাজমুল হুদা বলেন, একবারের সংসদ সদস্য থাকতে হবে, শতকরা ৫ ভোট পেয়েছেন এমন তথ্য, এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দপ্তর, এক থানায় দুইশত ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে।
তিনি আরও বলেন,এসব শর্ত সংবিধান পরিপন্থী। আগে দরকার নিবন্ধন পরে এ শর্তগুলো পূরণ করা হবে। কিন্তু অনেক দল এসব শর্ত পূরণে প্রতারণা আশ্রয় নিবে। এ জন্য শর্তগুলো তুলে দেওয়ার দরকার। যার পরিপ্রেক্ষিতে উক্ত রিট দায়ের করা হলে আদালত রুল জারি করেন।
