সিটিনিউজবিডি : নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পিটুনিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নওগাঁর নীতপুর সীমান্তের ২৩০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত জারিয়া মরমু (৩৬) উপজেলার মনোহরপুর গ্রামের সমু মরমুর ছেলে। তিনি ভারত থেকে গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তারা বলছেন, জারিয়াসহ ১০/১২ জন গত মঙ্গলবার গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন।
জারিয়ার সঙ্গীদের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা রফিকুল বলেন, বৃহস্পতিবার ভোরে তারা ফেরার পথে সীমান্ত পিলারের কাছে ৩১ বিএসএফ জবনপুর ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে জারিয়াকে ধরে ফেলে।
“বিএসএফ সদস্যরা সেখানে জারিয়াকে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমানার এপারে নিয়ে এলেও ততক্ষণে জারিয়া মারা যায়।”
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে বিজিবি কর্মকর্তা রফিকুল হাসান জানান।
