সিটিনিউজ ডেস্ক::বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে গুলশান-১ এর কনভেনশন সেন্টারে এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাবেক স্বৈরশাসক এরশাদ বলেন, ‘আমাদের সময় সবাই শান্তিতে ঘুমিয়েছে। আমাদের সময় এত খুন, গুম, ধর্ষণ, রাহাজানি ছিল না। এখন প্রতিদিন ধর্ষণ হচ্ছে। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আর বিএনপি মাঠে নেই, তারা শুধু বক্তৃতা দেয়।’
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তার দল ক্ষমতায় যাবে দাবি করে সংসদে বিরোধী দল জাপার প্রধান বলেন, ‘মানুষ মুক্তির পথ খুঁজছে, মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। জাতীয় পার্টিই পারে মানুষকে মুক্তি দিতে।’
সমালোচনা করলেও বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেযার কথা জানান এরশাদ। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই না। কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের ওপর সুবিচার করেনি। তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’
নব্বইয়ের দশকের শুরুতে গণ-আন্দোলনের মুখে তৎকালীন স্বৈরশাসক এরশাদ পদত্যাগ করলে তত্ত্বাবধায় সরকার শাসনভার নিয়েছিল। তার দাবি, তিনি ক্ষমতা ছেড়ে চেলেঞ্জ গ্রহণ করেছিলেন। কিন্তু এরপর তার সঙ্গে অবিচার করা হয়েছে।
এরশাদ বলেন, ‘আমাকে চ্যালেঞ্জ দেয়া হয়েছিল যে ক্ষমতা ছেড়ে জনমত যাচাই করতে। আমি চ্যালেঞ্জ গ্রহণ করে ক্ষমতা ছেড়েছিলাম। আমি তখন সৈনিক ছিলাম, এ জন্য রাজনীতির মার বুঝি নাই। আমাকে জেলে পাঠানো হলো। নির্বাচনের পর বিএনপির সরকার অনেক অত্যাচার করেছে। এমন হবে বুঝলে ক্ষমতা ছাড়তাম না।’
