সিটিনিউজবিডিঃ ভিয়েতনামে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভিয়েতনামের রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। পথে তিনি থাইল্যান্ডে যাত্রাবিরতি করবেন। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গী হয়েছেন তার পত্নী রাশিদা খানম।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সফরকালে রাষ্ট্রপতি ১০ আগস্ট সোমবার সকালে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ভিয়েতনামের হো চি মিন নগরীর পিপলস কমিটির চেয়ারম্যান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যদিকে হো চি মিন নগরীতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
