ব্লগার হত্যায় জাতিসংঘের তীব্র নিন্দা

0

সিটিনিউজবিডি : ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ। সংস্থাটি জরুরি ভিত্তিতে তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘সহিষ্ণুতার ওপর হামলা’ বলে অভিহিত করেছেন।

তিনি নিলয়সহ এর আগে সংঘটিত সব ব্লগার হত্যার দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

জাতিসংঘ আবাসিক প্রতিনিধি আরো বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা রক্ষায় পুলিশের সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া প্রয়োজন।’

জাতিসংঘ ছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

গতকাল শুক্রবার খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের ৮ নম্বর গলির ১৬৭ নম্বর বাসার পঞ্চমতলায় ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়কে বাসা দেখার নামে কয়েকজন যুবক উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

ব্লগার নিলয়ের মাথা, গলা, ঘাড়, হাত ও মুখমণ্ডলে অন্তত ২২টি জখম রয়েছে। আঘাতে নিলয়ে মুখমণ্ডল থেঁতলে গেছে।

অভিযোগ রয়েছে, হুমকি পাওয়ার পর নিলয় পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে চেয়ে ছিলেন। কিন্তু পুলিশ তাকে সেই নিরাপত্তা দেয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.