ভোগান্তি পিছু ছাড়ছেনা দেশে ফেরা হজযাত্রীদেরও

0

সিটিনিউজ ডেস্ক:: জেদ্দা থেকে ঢাকার বিমানবন্দরে আসতে সময় লেগেছে ৫ ঘণ্টা। আর বিমানবন্দর থেকে রাজধানীর ফরিদাবাদের বাসায় ফিরতে সময় লেগেছে ৬ ঘণ্টা। হজ ফ্লাইটের অব্যাহত চাপে গোটা বিমানবন্দর এলাকার রাস্তা ভরে গেছে হাজিদের মালামালে। গাড়ি না পাওয়ায় অনেক হাজি রাস্তার ওপর দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। গাড়ি না পাওয়ায় বাড়ি ফিরতে পারছেন না হাজিরা। যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারাও যানজটের কারণে প্রধান সড়ক থেকে টার্মিনালের দিকে প্রবেশ করতে পারছেন না। নিয়মিত ফ্লাইটের কাছাকাছি সময়ে বেশ কয়েকটি হজ ফ্লাইট এসেছে। ফলে একসঙ্গে হাজার হাজার যাত্রী টার্মিনাল থেকে বের হওয়ায় এই ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশ থেকে আসা সাধারণ যাত্রীরাও।

ভুক্তভোগী হাজি শাহেন শাহ আলী আকবরের বাসা ফরিদাবাদ এলাকায়। বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে ব্যাগেজ ও জমজমের পানি হাতে পেয়েছি। কিন্তু গাড়ির জন্য পড়েছি বিপদে। চার ঘণ্টা পড়ে আছি বিমানবন্দরের রাস্তায়। কখন বাসায় ফিরব আল্লাহ জানেন।

বাসায় ফিরে মুঠোফোনে হাজি শাহেন শাহ আলী আকবর জানান, শাহজালাল বিমানবন্দর থেকে ৬ ঘণ্টায় বাসায় পৌঁছতে পেরেছি।

গাবতলীর বাসিন্দা হাজি আব্দুল আজিজ জানান, কপালে কী আছে জানি না। জেদ্দা থেকে আসলাম ৫ ঘণ্টায়। আর বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে লাগবে আর ৫ ঘণ্টা। বাহ! ভালো…।

বিমান সূত্র জানায়, চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলতার সঙ্গে তার লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত হজযাত্রী পরিবহন করেছে। সর্বমোট ৬৪ হাজার ৮৭৩ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান। যদিও বিমানের হজযাত্রী পরিবহনের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৬৩ হাজার ৫৯৯ জন। বাংলাদেশি ধর্মপ্রাণ মানুষের হজযাত্রা নিশ্চিত করতে বিমান অতিরিক্ত এক হাজার ২৭৪ জন হজযাত্রী পরিবহন করে।

পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট ১৮৭টি হজ ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে ১৫২টি ডেডিকেটেড এবং ৩৫টি শিডিউল ফ্লাইট ছিল।

ঢাকা থেকে হজ ফ্লাইট পরিচালিত হয় ১৩৩টি, চট্টগ্রাম থেকে ১৫টি এবং সিলেট থেকে চারটি হজ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবারই প্রথম বিমান বাংলাদেশ চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করে।

উল্লেখ্য, বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। শেষ হবে ৫ অক্টোবর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.