টাইগারদের বিপক্ষে উইকেটে ঝড় তোলার অপেক্ষায় স্টেইন

0

খেলাধুলা, সিটিনিউজ :: প্রায় ১০ মাস ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন ডেল স্টেইন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর ইনজুরিতে পড়েন এই প্রোটিয়া পেসার। তবে আবার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্টেইন।

বাংলাদেশ সিরিজ দিয়ে আবার উইকেটে ঝড় তোলার অপেক্ষায় রয়েছেন তিনি। তবে ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে ঘরোয়া ক্রিকেটে দুটি ম্যাচে অংশ নেবেন স্টেইন। এমন তথ্য নিশ্চিত করেছেন দেশটির নির্বাচক লিন্ডা জন্ডি।

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) টাইটান্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে মাঠে নামবেন ডেল স্টেইন। এই ম্যাচে স্টেইনের সঙ্গে ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, হেইনো কুন ও মরনে মরকেলও খেলবেন।

আশা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন স্টেইন। টেস্টে দেশটির হয়ে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারি হতে আর মাত্র পাঁচটি উইকেট দরকার এই পেসারের।

স্টেইন ভক্তরা মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজটা খেললে হেসেখেলেই শন পোলকের ৪২১ উইকেটের রেকর্ডটা ভেঙে দেবেন  তিনি। ৪২১ উইকেট নিতে পোলককে খেলতে হয়েছে ১০৫টি টেস্ট সেখানে পূর্বসূরীর চেয়ে ২৩টি টেস্ট কম খেলেছেন স্টেইন।

বাংলাদেশ সফরের পর দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নতুন টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও খেলবেন স্টেইন।

শাহরুখ খানের দল কেপটাউন নাইট রাইডার্স কিনেছে তাঁকে। এই দলে স্টেইনের সঙ্গে ক্রিস গেইল, জেপি ডুমিনি, আদিল রশীদ, দিনেশ রামদিনের মতো তারকারা খেলবেন। 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.