সিটিনিউজবিডি :: নতুন অধিনায়কের হাত ধরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অ্যাশেজ শেষে অস্ট্রেলিয়ার পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে। তবে এতে অস্ট্রেলিয়া দলে থাকছেন না অধিনায়ক মাইকেল ক্লার্ক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অজিরা। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব উঠছে স্টিভেন স্মিথের হাতে। ‘আমার সামনে আর একটি টেস্ট। তারপর আমি ক্যারিয়ারের ইতি টানবো’- নটিংহ্যামে হার শেষে এমন ঘোষণা দিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
গতকাল অজি টিভি চ্যানেল নাইনকে ক্লার্ক বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। আমি মনে করি, এটাই আমার জন্য সঠিক সময়। ওভালে শেষ টেস্ট খেলবো আমি।
গতকাল ক্লার্ক বলেন, খেলা ছাড়তে মন চায় না কারওই। কিন্তু চলতি সিরিজসহ গত ১২ মাসে আমার নৈপুণ্য আমার নিজের কাছে গ্রহণযোগ্য নয়। এখন পরবর্তী প্রজন্মের পালা। পরবর্তী অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পাক নতুন অধিনায়ক। ক্লার্ক জানান ট্রেন্ট ব্রিজ টেস্টে দ্বিতীয় দিন শেষে শুক্রবার রাতেই তিনি মনস্থির করে ফেলেন। ক্লার্ক বলেন, অস্ট্রেলিয়ার হয়ে ১০০ টেস্ট খেলতে পারাটা আমার সৌভাগ্য। ক্রিকেটে আমার অপূর্ণতা নেই। এখানে আমি সব পেয়েছি।
আগামী ২৮শে সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ৯ই অক্টোবর। টানা তিন বছর সহ-অধিনায়কের দায়িত্ব শেষে মাইকেল ক্লার্কের হাতে অজি দলে নেতৃত্ব ওঠে ২০১১ সালে। কাকতালীয়ভাবে অধিনায়ক মাইকেল ক্লার্কের প্রথম সফরটি ছিল বাংলাদেশে। দুই দল শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল সেবার। আর এবার দুই দল খেলবে শুধু টেস্ট সিরিজ। অধিনায়ক মাইকেল ক্লার্কের টেস্ট অভিষেক ২০১১‘র আগস্টে শ্রীলঙ্কা সফরে। এতে দলের ব্যাটিংস্তম্ভ ছিলেন অধিনায়ক ক্লার্কই।
অধিনায়ক হিসেবে শুরুর ৩০ ম্যাচে ক্লার্ক হাঁকান ১২টি সেঞ্চুরি। কিন্তু শেষ ১৩ টেস্টে তার সেঞ্চুরি মাত্রই দুটি। আর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে শেষ ৬ টেস্টে ক্লার্ক অর্ধশতকের মুখ দেখেননি একবারও। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক মাইকেল ক্লার্কের। পরের বছর ভারতের বিপক্ষে টেস্ট ক্যাপ পান ক্লার্ক। সর্বশেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের ২৪৬ ওয়ানডেতে সংগ্রহ ৭৯৮১ রান। আর ১১৪ টেস্টে ৪৯.৩০ গড়ে ৮৬২৮।
